জাতীয়প্রধান খবর

বেসরকারিভাবে হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

আগামী ২০২৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। উন্নত সুবিধার বিশেষ প্যাকেজের (প্যাকেজ-১) খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজের (প্যাকেজ-২) মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা। সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ করা হয়েছে। এছাড়াও এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে সৌদি রিয়ালের রেটে কোন পরিবর্তন আসলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। হাব সভাপতি গোলাম সারওয়ার বলেন, সৌদি থেকে পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে হজ প্যাকেজ প্রণয়ন করা হলো। পরবর্তী সময়ে রাজকীয় সৌদি সরকারের কোন খাতে খরচ বাড়লে বা কমলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। অতিরিক্ত অর্থ হজযাত্রীকে পরিশোধ করতে হবে। এ বছর কুরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় বেসরকারি মাধ্যমের প্যাকেজে কুরবানির অর্থ অন্তর্ভূক্ত করা হয়েছে। সকল প্যাকেজে খাবারও অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছর বেসরকারিভাবে হজ পালনেও তিনটি প্যাকেজ ছিল। বিশেষ হজ প্যাকেজে খরচ হয় ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হয় সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছিলো ৫ লাখ ১০ হাজার টাকা। গত মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেন। প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এছাড়া প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ হবে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা টাকা। আর চলতি বছর প্যাকেজ ছিল তিনটি। ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ) ১৪৪৮ হিজরি সনের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন (সম্ভাব্য) হজযাত্রী হজ পালন করবেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!