অন্যান্য

বিআইপিএস সচলে আইন সংশোধনের সুপারিশ সংসদীয় সাব-কমিটির

বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস)-এর কার্যক্রম পুনরায় সক্রিয় ও কার্যকর করতে বিআইপিএস আইন, ২০০১ সংশোধনের সুপারিশ করেছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটি। প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন শেষে আইনটি মূল কমিটিতে উপস্থাপনেরও সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ডা. মো. মাহাবুবুর রহমান, এমপি। বৈঠকে কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন। বৈঠকে বিআইপিএস-এর কার্যক্রমকে যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং রেক্টর নিয়োগের পদক্ষেপ গ্রহণে মূল কমিটিকে পরামর্শ দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ আইন, ২০০১-এর আওতায় জাতীয় সংসদ লাইব্রেরিকে সম্পৃক্ত করে আইন ও বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালনার বিষয়ে একটি পরিকল্পনা প্রতিবেদন মূল কমিটিতে উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে এশিয়া ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের পার্লামেন্টারি ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বিআইপিএস-এর তুলনামূলক চিত্র উপস্থাপন ও পর্যালোচনার বিষয়েও মতবিনিময় করা হয়। অন্যদিকে, একই দিনে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠকও সংসদ ভবন গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি। বৈঠকে সদস্য নায়াব ইউসুফ আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে ‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধিমালা ২০১২’ এবং ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাব-কমিটি গ্রন্থাগার বিধিমালার প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের সুপারিশ করে তা মূল কমিটিতে উপস্থাপনের সিদ্ধান্ত নেয়। এছাড়া ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ আরো পরিমার্জন করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকগুলোতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!