৩ আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেটে এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের বিমান বন্দরের মতো ফ্রি ওয়াইফাই চালু করতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানান অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলে জানান অতিরিক্তি প্রেস সচিব। তিনি বলেন, নির্বাচনের প্রচারণার সময়ে ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যানসার হাসপাতালে কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে। তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই মন্দিরের সংস্কার কাজ আগামীকাল শনিবার শুরু করতে বলেছেন তিনি। শনিবার বেলা ১১টায় এ কর্মসূচিতে যথাক্রমে ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন বলে জানান প্রেস সচিব।




