সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে দুই রাউন্ড কার্তুজসহ শর্টগান উদ্ধার, যুবক আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি সক্রিয় শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ আমিনুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছে।
শনিবার সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া গ্রামে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী (২৬ বীর) সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযানের সময় পৌরসভার বলারদিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির গোয়ালঘরের ভেতরে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক আমিনুল ইসলাম(৩২) সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া (মীরপাড়া) গ্রামের মোয়াজ্জেম হোসেন ভানুর ছেলে।
অভিযান শেষে শনিবার সকালে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আটক আমিনুল ইসলামকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।




