শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবারসর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭ টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তাপমাত্রা রেকর্ড করে।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করছে।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ থাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়।এদিকে শহর ও শহরের বাইরের এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তাপমাত্রা নিচের দিকে নামায় শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। সন্ধ্যার পর প্রচুর ঠান্ডা অনুভূত হয়।চা বাগানগুলোতে শীত উপেক্ষা করে সকালে কাজে বের হতে দেখা যায় চা শ্রমিকদের। অপরদিকে হাওর এলাকায় কৃষকেরা ভোর হতেই মাঠে কাজ করতে বের হলেও তীব্র ঠান্ডা ও কুয়াশা তাদের কাজের গতি কিছুটা কমিয়ে দিয়েছে।চা শ্রমিকরা জানান, অন্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ হয়নি।শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আজও (গতকাল শনিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।




