বিনোদন

শিহাব শাহীন নন, ‘গোলাম মামুন ২’-এর পরিচালকের চেয়ারে তানিম রহমান অংশু

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন ২’ নিয়ে দর্শকদের আগ্রহের মাঝেই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বহুল আলোচিত এই সিরিজের দ্বিতীয় কিস্তির পরিচালক হিসেবে শিহাব শাহীন নয়, দায়িত্ব পাচ্ছেন তানিম রহমান অংশু। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্মাতার আসনে পরিবর্তন এখন প্রায় চূড়ান্ত।

গত বছরের শেষের দিকে শিহাব শাহীন জানিয়েছিলেন, ‘গোলাম মামুন ২’-এর স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে এবং শিগগিরই দৃশ্যধারণ শুরু হবে। সেই ঘোষণার পর দর্শকদের প্রত্যাশাও বেড়ে যায়। তবে সম্প্রতি শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়ায়, দ্বিতীয় সিজনটি আর শিহাব শাহীন পরিচালনা করছেন না। বরং পরিচালনার দায়িত্ব যাচ্ছে তানিম রহমান অংশুর হাতে।

এ বিষয়ে সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান হইচই এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়ে তারা কথা বলতে চায় না। একই অবস্থান নিয়েছেন তানিম রহমান অংশুও। তিনিও ঘোষণা আসার আগ পর্যন্ত মুখ খুলতে রাজি নন। তবে বিশ^স্ত সূত্র বলছে, ‘গোলাম মামুন ২’-এর পরিচালক হিসেবে অংশুর নামই চূড়ান্ত।

এদিকে শিহাব শাহীনের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, সময় সংকটই এই পরিবর্তনের মূল কারণ। তিনি ঢাকা মেইলকে বলেন, “রোজার ঈদের আগে ‘গোলাম মামুন ২’ করার কথা ছিল। কিন্তু সময় দিতে পারিনি। কেননা হাতে প্রায় আট থেকে দশটি প্রজেক্ট। এরপর কী হয়েছে, আমার জানা নেই।” তার এই বক্তব্য থেকেই বোঝা যায়, ব্যস্ততার কারণে তিনি সিরিজটি পরিচালনা করতে পারছেন না।

উল্লেখ্য, ২০২৪ সালে হইচইয়ে মুক্তি পায় ‘গোলাম মামুন’। শিহাব শাহীনের নির্মাণে সিরিজটি দর্শকপ্রিয়তা পায়। এটি ছিল তানিম রহমান অংশু পরিচালিত ‘বুকের মধ্যে আগুন’-এর একটি স্পিন অফ সিরিজ। সেই ধারাবাহিকতার দ্বিতীয় পর্বের দায়িত্ব আবারও অংশুর হাতেই যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রথম সিজনে ‘গোলাম মামুন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অপূর্ব। তার সঙ্গে ছিলেন সাবিলা নূর। আরও অভিনয় করেন ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপু। নতুন সিজনে কারা থাকছেন এবং গল্প কোন পথে এগোবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে পরিচালকের পরিবর্তন ঘিরে সিরিজটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!