প্রধান খবরসারাদেশ

লক্ষ্মীপুরে মেঘনায় ইলিশ শিকার: ২ জনের কারাদণ্ড, ৩ জেলের জরিমানা

লক্ষ্মীপুরে মেঘনা নদী এবং মাছঘাটে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুজনকে সাতদিন করে কারাদণ্ড এবং তিন জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসন এবং কমলনগর উপজেলা মৎস্য অফিস এ তথ্য জানিয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের মো. নুরনবীর ছেলে মাকসুদ (৩৪) ও চর কালকিনি ইউনিয়নের মো. নাসিরের ছেলে আরিফ (১৯)। অভিযানে জব্দ করা হয় ইলিশ মাছ। যা পরে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, গতকাল সোমবার ভোরে উপজেলা মৎস্য অফিস ও হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে মতিরহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশায় করে ইলিশ পরিবহনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বেচা-কেনা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় আটক মো. মাকসুদ ও আরিফকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন এ দণ্ড দেন। তিনি আরও জানান, গতকাল সোমবার সকালে মেঘনা নদীতে কোস্টগার্ডের সহযোগিতায় আরেকটি অভিযানে তিনটি মাছ ধরার নৌকা এবং প্রায় ৮০ হাজার মিটার জাল জব্দ করা হয়। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং নৌকাগুলো জব্দ রাখা হয়েছে। অন্যদিকে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গত রোববার রাতে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য সংরক্ষণ আইনে তিনজন জেলেকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই ক্যারেট জাটকা ইলিশ জব্দ করে তিনটি মাদরাসা ও এতিমখানা এবং জেলা শিশু পরিবারে বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!