জাতীয়প্রধান খবর

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। গতকাল শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছি, তখন রোজা সামনে- বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত ছিল। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট। সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে উল্লিখিত প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করবেন। বিশেষ করে সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রকল্পগুলো অগ্রাধিকার পাবে। তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত বড় পরিসরে ডিজিটাল অবকাঠামো গড়ে তুলেছে। সেখানে সরকারি কর্মচারীদের জন্য এআই প্রশিক্ষণ কর্মসূচিও রয়েছে। আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে ২০২৬ সালের বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন জরুরি। আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে আরও এগিয়ে নিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। সিলেট আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ প্রয়োজন। আর বিনিয়োগ আকৃষ্ট করতে উন্নত যোগাযোগব্যবস্থা, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিগত সহায়তা প্রয়োজন। এ বিষয়ে সরকার কাজ করছে এবং অচিরেই এর দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। দুই দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার সকাল ৯টায় বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান বাণিজ্যমন্ত্রী। এ সময় বিমানবন্দরে প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!