মাদ্রাসায় ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গতকাল শনিবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, দেশে লক্ষ্য করেছি এ ধরনের ঘটনা ঘটছে; যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। আশা করি, ভবিষ্যতে এ জিনিসটা ঘটবে না। এ ব্যাপারে যা করা প্রয়োজন, তাই করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, ইমাম সাহেবদের খুতবায় এ বিষয়গুলো তুলে আনতে হবে। ইমাম সাহেবরা যদি খুতবাতে এ বিষয়গুলো উল্লেখ করেন এবং শরিয়তের নির্দেশ অনুযায়ী কোনটা হারাম কোনটা হালাল- কোনটা কীÑএগুলো বুঝান; তবে এটা অনেক কাজে লাগবে। আমাদের প্রধানমন্ত্রীও এ ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, যাতে এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি, জনগণও বেঁচে থাকতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছেন কি না- এমন প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, চিকিৎসার জন্য কিছুদিন দেশের বাইরে ছিলাম। সেখানে থাকাকালে কিছুটা বিষয়গুলো লক্ষ্য করেছি এবং দেশে ফিরে আরও জেনেছি। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। ভবিষ্যতে এই জিনিসটা ঘটবে না বলে আমি বিশ্বাস করি। আমরা সেই ব্যাপারে যা করা প্রয়োজন, তাই করব, ইনশাআল্লাহ।




