মাদারগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১২

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাগরেরগড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে মাদারগঞ্জের বাগারেরগর এলাকায় ৬০ শতাংশ সরকারি খাস জমি নিয়ে ওই এলাকার মামরুল ও বিলেত আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। জমি নিয়ে পূর্ব দ্বন্ধের জেরে সোমবার দুপুরে দুই পক্ষ সেই জমিতে গিয়ে অবস্থান নেয়। এ সময় উভর পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ লাঠি-শোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনো কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




