ময়মনসিংহে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন চালকরা। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারী চালকদের দাবি, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হচ্ছে এবং সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়ানো হয়। এ নিয়ে ক্ষোভ থেকেই তারা সড়ক অবরোধ করেন। জনভোগান্তির বিষয়টি বুঝিয়ে বললে তারা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশাল এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।




