জাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবর

ভোট কর্মকর্তারাই কেন্দ্রে মোবাইল নিতে পারবেন না: ইসি

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভোট কর্মকর্তাদের মোবাইল ব্যবহারের ওপরই এবার নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার ইসির সহকারী সিনিয়র সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এ – সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে- (ক) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; (খ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ; (গ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ০২ (দুই) জন আনসার সদস্য; (ঘ) ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ এবং ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসরণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশি ও বিদেশি যথাক্রমে সাংবাদিক ও পর্যবেক্ষকগণ; এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট এবং ভোটার। এতে আরও বলা হয়েছে, ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর অপরাপর সদস্যরা (খ ও গ-এ বর্ণিত ব্যক্তি ব্যতীত) ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে গণমাধ্যমকর্মী, ভোটারসহ অন্যদের মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইসি। তবে সবার সমালোচনা ও দাবির মুখে সে নির্দেশনা থেকে সরে আসে কমিশন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!