সারাদেশ

বোরকা পরে বাজারে ম্যাজিস্ট্রেট, অভিযানে জরিমানা ১২ হাজার টাকা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে ভিন্ন কৌশলে অভিযান চালালেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বোরকা পরে ক্রেতা সেজে বাজার পরিদর্শনের পর বিভিন্ন অনিয়মে ৭টি দোকানকে জরিমানা করা হয়। গতকাল শুক্রবার সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা ছদ্মবেশে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে যান। তিনি মাছ, মাংস, ফল ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যাবসাপ্রতিষ্ঠান ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং একাধিক অনিয়ম দেখতে পান। পরে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এধরনের ব্যতিক্রমধর্মী অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!