প্রধান খবরসারাদেশ

বিপৎসীমার ওপরে সুরমার পানি, ১৩১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতকে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৯টা পর্যন্ত) সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ছাতকে ১২৫ মিলিমিটার ও তাহিরপুরে ১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি (সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট) ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে (৭.৫৪ মিটার) প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে (৮.৭০ মিটার) প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ-হবিগঞ্জের সীমানায় কুশিয়ারা নদীর পানি দিরাই উপজেলার মার্কুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে (৭.১৮ মিটার) প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, আগামী দুই দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে মাঝারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় আরও দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারী বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ছাতকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশংকা রয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৪৯২টি নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!