বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় ডাকসুর উদ্বেগ

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় বিএনপি জনগণের প্রত্যক্ষ রায়কে অস্বীকার করছে বলে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান এ কথা জানান। তারা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সুস্পষ্ট বিজয়ের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছে। গণভোটের ফলাফল কার্যকর করার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানো জনগণের রায়ের প্রতি অবজ্ঞা প্রকাশের শামিল। বিবৃতিতে তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ধারা-০৮ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ একইসঙ্গে হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন জোট জনরায়কে উপেক্ষা করে শপথ গ্রহণ করেনি। তারা উল্লেখ করেন, ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা-স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার, তা বাস্তবায়নে সকল রাজনৈতিক শক্তির দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বিএনপি জনরায় উপেক্ষা করে সংকীর্ণ দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক কাঠামোর জন্য গভীর সংকটের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, যদি তা না হয়, তবে নতুন সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন, বিচার ও নির্বাচন; সবকিছুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই আমরা সংবিধানের কারিগরি ব্যাখ্যা না দিয়ে সংবিধানের মূল ভিত্তি জনগণের অভিপ্রায়কে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।




