বন্ধ ৬ চিনিকল চালুর দাবিতে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

গত সরকারের আমলে বন্ধ করে দেওয়া ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর দাবি জানিয়েছে “রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি”। এ দাবিতে আগামী ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল শনিবার ঢাকার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বন্ধ ও চালু সব চিনিকলে ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি ঘোষণা করে কারুজ্জামান ফিরোজ বলেন, এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট ও জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সময় অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি বন্ধ ছয়টি চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছিল। পরে একটি অধ্যাদেশের মাধ্যমে চিনিকল ছয়টি চালুর ঘোষণা দেওয়া হয়। তবে তিনি অভিযোগ করেন, অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে উল্টো আখ মাড়াই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।




