ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে তাদের আমরা পুরস্কৃত করবো। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আইজিপিসহ ৯২ পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে অনুষ্ঠানে পদক দেওয়া হয়। এ সময় পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কেবল বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে একই ঘটনায় ফৌজদারি অপরাধের উপাদান থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রচলিত ফৌজদারি আইনের আওতায়ও বিচারের মুখোমুখি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিভাগীয় শৃঙ্খলামূলক কার্যক্রমের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। সঙ্গে যদি কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে সেটির জন্যও একইসঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘গুড ফেইথ’ বা সৎ উদ্দেশ্যে ছোটখাটো ভুল হলে সেটি সেই বিবেচনায় দেখা হবে। তবে ইচ্ছাকৃত অনিয়ম, দায়িত্বে অবহেলা বা অপরাধের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ও আইনগত- এই দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো পুলিশ কর্মকর্তা, তিনি যে পদমর্যাদারই হোন না কেন, জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না। পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্তভাবে আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায় সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ চালু করা হবে বলে এ সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই ইউনিট পরিচালিত হবে। পর্যায়ক্রমে মহানগর, বিভাগ ও জেলা পর্যায়েও এর কার্যক্রম বিস্তৃত করা হবে। একইসঙ্গে বিভাগীয় পর্যায়ে ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবসহ প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট চালু করা হবে। এর সদর দফতরে একজন অতিরিক্ত আইজিপির পদ থাকবে। পদটি না থাকলে আমরা সৃষ্টি করবো। মহানগর, জেলা ও বিভাগীয় পর্যায়ে এর শাখা থাকবে। ইউনিটটিতে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কথা জানিয়ে তিনি বলেন, জটিল সাইবার অপরাধের তদন্ত ও বিশ্লেষণ কেন্দ্রীয় পর্যায়ে হবে। তবে থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে যেসব অপরাধ বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো স্থানীয় পর্যায়েই সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা হবে। সাইবার পুলিশ ইউনিট গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে। ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরুর কথা বলা হয়। একইসঙ্গে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামোর প্রস্তাবও চাওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তির বিস্তারের সঙ্গে অপরাধের ধরনও দ্রুত বদলাচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ এখন আধুনিক অপরাধপ্রবণতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক দেশে প্রতারণা ও সাইবারনির্ভর অপরাধ মোট অপরাধের বড় অংশ হয়ে উঠছে। সে কারণে বাংলাদেশকেও এই খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এর আগে গত ১৫ সেপ্টেম্বরও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ পুলিশ সদস্যদের কাজে লাগিয়ে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি জনগণের আস্থা অর্জনকে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তি যতই আধুনিক হোক, পুলিশের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা। জনগণের আস্থা ছাড়া কোনো আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা পালন করতে পারে না। পুলিশের প্রতি জনআস্থা আগের একটি সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে প্রাতিষ্ঠানিক, আইনগত ও প্রশাসনিক সহায়তার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কতটা সফল হয়েছেন, কতটা মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, নিজেরা বিচার করুন। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করতে হবে, মানুষের কথা শুনতে হবে এবং সমস্যাকে গুরুত্ব দিতে হবে। আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে প্রত্যাশিত সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। লিখিত বক্তব্যে ‘জুলাই বিপ্লব’ শব্দ থাকার প্রসঙ্গেও অনুষ্ঠানে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি ‘বিপ্লব’ ও ‘গণঅভ্যুত্থান’ এর মধ্যে পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিপ্লব সংঘটিত হয় সমাজ, অর্থনৈতিক কাঠামো ও মৌলিক সাংবিধানিক পরিবর্তনের জন্য। আমাদের এখানে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নাগরিক ও সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে। এ কারণে ২০২৪ সালের ঘটনাকে ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান’ হিসেবে অভিহিত করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। পুলিশের প্রয়োজন অনুযায়ী, স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নতুন কর্মকর্তা ও সদস্য নিয়োগের কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন হলে পুলিশের জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা আরও বাড়ানো হবে। একইসঙ্গে ফরেনসিক ও কেমিক্যাল পরীক্ষার সুবিধা বিকেন্দ্রীকরণের কাজ চলছে। চট্টগ্রাম বিভাগে শিগগিরই একটি বিভাগীয় ফরেনসিক সুবিধা চালুর কথাও জানান তিনি। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এ ধরনের প্রযুক্তিগত সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান। র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) তদন্তের ক্ষমতা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইন গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় এবং ১৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন কাঠামো কার্যকর করা হয়। একইসঙ্গে এপিবিএনের তদন্ত ক্ষমতা সম্প্রসারণের আইনও সংসদে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বিশেষায়িত বাহিনীতে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি জবাবদিহির কাঠামো রাখার চেষ্টা করা হয়েছে। আইন প্রয়োগের অভিজ্ঞতায় কোনো ত্রুটি ধরা পড়লে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ থাকবে বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজে প্রত্যাশিত পরিবর্তন আনতে হলে আগে পুলিশ সদস্যদের নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখতে পারবো। পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য নির্ধারণ করে দিয়ে তিনি বলেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের সেই পরিবর্তন দেখাতে হবে। সরকার ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’ নীতি অনুসরণ করবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পদক শুধু কৃতিত্বের স্বীকৃতি নয়, এটি আরও বড় দায়িত্বের অঙ্গীকার। পুলিশকে আধুনিক প্রযুক্তিতে সক্ষম, পেশাদারত্বে সমৃদ্ধ, মানবিক এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।




