ফরিদপুরে বিএনপিতে যোগ দিয়ে সভায় বক্তব্য দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পরই বিএনপি প্রার্থীর নির্বাচনি সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নারীসহ পাঁচ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের ইসরাফিল মোল্যা ও অপরপক্ষের নেতৃত্ব দেন ওয়াদুদ মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা ও চান মিয়া। ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম বলেন, গত মঙ্গলবার দলীয় একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি থানায়। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইসরাফিল মোল্যা এবং ওয়াদুদ মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা, চান মিয়া উভয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। সভায় শহিদুল ইসলাম বাবুল উপস্থিতিতে উভয়পক্ষের নেতারা বক্তব্য রাখেন। এ সময় ইসরাফিল মোল্যা দীর্ঘ বক্তব্য দেওয়ায় ওয়াদুদ মোল্যার সমর্থক শহিদুল ইসলাম শান্ত নামে এক যুবক বাধা দেন। তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই গতকাল বুধবার দুপুরে ইসরাফিল মোল্যার ছোট ভাই জাকারিয়া মোল্যার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এরপরই উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে জাকারিয়া মোল্যা (৩৭), জাহিদ মোল্যা (৩৮), লাভলী বেগমসহ (৪৫) পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া মোল্যা বলেন, আমরা আগে আওয়ামী লীগ করতাম। গতকাল (গত মঙ্গলবার) বাবুল ভাইয়ের সঙ্গে তার দলে যোগদান করি। ওই অন্ষ্ঠুানে আমার ভাই একটু সময় নিয়ে বক্তব্য দিলে শান্ত বাধা দেন। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপর আমাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছ আমাদের। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ বিষয়ে জানতে অপরপক্ষ ওয়াদুদ মোল্যা গ্রুপের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে ২৮ ডিসেম্বর ফরিদপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি। সদরপুর উপজেলার কলেজ মোড় এলাকায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বাসায় উপস্থিত হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন তিনি।




