পারমাণবিক বোমার চেয়েও হরমুজ প্রণালি বেশি গুরুত্বপূর্ণ: মহসেন রেজাই

ডজন ডজন পারমাণবিক বোমান চেয়েও হরমুজ প্রণালি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষা করার অঙ্গীকার করেছেন তিনি। গতকাল রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইএসএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, ‘‘কৌশলগত এই জলপথ ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান এটি রক্ষা করবে।’’ পশ্চিমা বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার অভিযোগ করেছে। এবং এই অজুহাতে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে তেহরান বরাবরই জোর দিয়ে বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। মহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালি হলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম হাতিয়ার এবং এটি নিরাপত্তা ও জাতীয় স্বার্থ নিশ্চিতে নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করে। তিনি বলেন, ‘‘হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিবন্ধক হিসেবে কাজ করে এবং ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় শক্তির ওপর নির্ভর করে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।’’ এর আগে, ইরানের সামরিক বাহিনী বলেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর বৈশ্বিক জ্বালানির দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি করা এই গুরুত্বপূর্ণ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে, গতকাল রোববারও পরস্পরের লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সশস্ত্র বাহিনী। তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। গত কয়েক দিনে দুই দেশের মধ্যে ধারাবাহিক হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যে লড়াই শুরু করেছিল, তা থামানোর লক্ষ্যেই এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। তবে ইরানের সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সূত্র: এএফপি।




