পাকিস্তান সিরিজের দলে ফিরলেন লিটন দাস, জায়গা পেলেন আফিফও

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন ঘোষিত দলে ফিরে এসেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন, পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মার্চ ও ১৫ মার্চ।
দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, মধ্যক্রমে কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও সবাই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেই কারণেই আফিফ হোসেনকে আবার দলে ফিরিয়ে আনা হয়েছে।
গাজী আশরাফ বলেন, “মিডল অর্ডারে আমরা বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে কেউ কেউ নিজেদের জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স দেখাতে পারেনি। তাই আফিফ হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে। সে সবসময়ই আমাদের পরিকল্পনার অংশ ছিল। অভিজ্ঞতার পাশাপাশি সে এখন ভালো ছন্দেও আছে।”
লিটন দাস সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ভালো করতে পারেননি। ২০২৩ সালের ডিসেম্বরের পর টানা আটটি ম্যাচে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি তিনি। তবুও তার অভিজ্ঞতার ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক বলেন, “লিটন দাস হয়তো সাম্প্রতিক ম্যাচগুলোতে সেরা পারফরম্যান্স দিতে পারেনি। কিন্তু এই ফরম্যাটে প্রায় একশ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা উপেক্ষা করা যায় না। সে কোচদের সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। আমরা বিশ^াস করি, খুব দ্রুতই সে নিজের সামর্থ্যরে প্রমাণ দেবে।”
এদিকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ফর্মে থাকা সৌম্য সরকারও দলে রয়েছেন। পাশাপাশি তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম ভূইয়াকেও দলে রাখা হয়েছে, যাতে তিনি নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর আরেকটি সুযোগ পান।
দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান, জাকের আলি ও শামীম হোসেন। এছাড়া ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান। হাসান মাহমুদ ডান হাতের টেনিস এলবো সমস্যায় ভুগছেন এবং তানজিম হাসান পিঠের চোট থেকে সেরে উঠছেন। দলের আশা, মাসের শেষ নাগাদ তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলে রয়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।




