সারাদেশ
পরিমাপে কম দেয়ায় পাম্প কর্তৃপক্ষকে ৫৫ হাজার টাকা জরিমানা

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পাম্পে অনিয়ম রোধে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন । ওই অভিযানে পরিমাপে কম জ্বালানি সরবরাহ করায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকালে জামালপুর জেলা শহরের খাজা পেট্রোলিয়াম পাম্পে ওই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, শহরের খাজা পেট্রোলিয়াম পাম্পে জ্বালানি সরবরাহে অনিয়ম করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়েছে জামালপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
পরে পরিমাপে কম জ্বালানি সরবরাহের দায়ে জামালপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান পাম্প কর্তৃপক্ষকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পাম্প কর্তৃপক্ষকে নিয়ম মেনে জ্বালানি সরবরাহ করতে সতর্ক করেন।




