নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে, সত্য কথা বলেন। তিনি আরও বলেছেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু লোক সব সময় চেষ্টা করে। তবে এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে, তা কেউ ঠেকাতে পারবে না। গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে আপনারা সকলে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন। মির্জা ফখরুল বলেন, “আমরা যদি সরকারটাকে ঠিক নির্বাচিত করতে না পারি, সঠিক লোকটাকে নির্বাচিত করতে না পারি তাহলে আমাদের কোনো কাজ হবে না। “অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেয়া হতো, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে কোনো কাজের জন্য টাকা দিতে হবে না। সেই সাথে সমস্ত রকমের সন্ত্রাস বা দুর্বৃত্তায়ন বন্ধের জন্য কাজ করবে বিএনপি।” পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।




