নির্বাচনকে ঘিরে ৫ দিনের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশজুড়ে নির্বাচনি আমেজ। এই আমেজে অংশ নিতে গ্রামের বাড়ি ছুটছেন রাজধানীবাসী। এই নির্বাচনকে ঘিরে পাঁচ দিনের ছুটি পেয়েছে অনেকে। দীর্ঘ এ ছুটি কাটাতে ও ভোট দিতে রাজধানী ছাড়ছে কর্মজীবীরা। আর এতেই ফাঁকা হচ্ছে রাজধানী। ঢাকার রাস্তায় গতকাল মঙ্গলবার ছিল না চিরচেনা ব্যস্ততা, নেই যানজট। গতকাল মঙ্গলবার সকাল থেকেই দেখা যায়, লোকজন ব্যাগ নিয়ে ঢাকা ছাড়ছেন। ভিড় করছে কমলাপুর রেলস্টেশন, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে। স্টেশন ও টার্মিনালজুড়ে মানুষের ভিড় আর ব্যস্ততা। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা খুবই কম। অনেকে টিকেট না পেয়ে উঠছে ট্রেনের ছাদে। ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা। আবার বাসের টিকেট না পেয়ে অনেকে যাচ্ছেন ট্রাকে করে। এদিকে, রাজধানীর রাস্তায় গণপরিবহন কম থাকায় বিপাকে পড়েছে অফিসগামীরা। গতকাল মঙ্গলবার সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বের হওয়া সাংবাদিক সাদিফ অভি বলেন, রাস্তায় গণপরিবহন একবারেই নাই। স্ট্যান্ডগুলোতে মানুষের ভিড়। দীর্ঘসময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। মাঝে মধ্যে এক দু’টি বাস এলেও সেগুলোতে উঠা বেশ কষ্টকর। এদিকে, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘসময় অপেক্ষা করেও বাস পাচ্ছেন না যাত্রীরা। বাধ্য হয়ে ট্রাকে করে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। অভিযোগ করছেন, বেশি ভাড়া নেওয়ারও। সাভারের বাইপাইলে বাসের জন্য অপেক্ষারত যাত্রী মুখলেস বলেন, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমি গ্রামের বাড়ি জামালপুরে যাবো। কিন্তু যেখানে ৩০০ টাকা ভাড়া, সেখানে এখন এক হাজার টাকা চাচ্ছে। সরকারের ঘোষিত ছুটিও এই যাত্রাকে আরও উৎসাহিত করেছে। নির্বাচন উপলক্ষে স্কুলের ছুটি শুরু ১০ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ১৫ তারিখ পর্যন্ত।




