নিউইয়র্কে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘এ দেশের একজন বরেণ্য ব্যক্তি, যিনি নোবেল প্রাইজ পেয়ে দেশের সুনাম অর্জন করে নিয়ে এসেছেন, তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, তাঁর সাথে অসম্মানজনক আচরণ করেছে এই পরাজিত ফ্যাসিস্টদের দোসররা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেফকে বিমানবন্দরে। এ ঘটনায় দেশের সম্মান কি বৃদ্ধি পেয়েছে? গোটা পৃথিবীর বিভিন্ন দেশ যাঁকে সম্মান করে, তাঁকে আপনারা অসম্মান করছেন বিদেশের মাটিতে, তাঁকে হেয় করছেন। এটা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ ভালোমতো নেয়নি। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আছে উল্লেখ করে রিজভী বলেন, ‘এ সরকারকে অস্থিতিশীল করার জন্য, নানাভাবে সরকারের কাজে বাধা দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছে। একটা ফুটেছে, একটা ফোটেনি। সারা দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ভারত থেকে বসে ইঙ্গিত দেওয়া হচ্ছে, মদদ দেওয়া হচ্ছে। আস্তে আস্তে এদের ধরা হচ্ছে।’ জ্বালানিসংকট নিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ হচ্ছে। বাংলাদেশের বেশির ভাগ ডিজেল, তেল, জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে আসে। এ কারণে জ্বালানিসংকট হচ্ছে, বিদ্যুতের সংকট হচ্ছে। তবে সরকার সংকট নিরসনের চেষ্টা করছে। বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করার পর এখন পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লকাই বিশ^াসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তরের অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন। চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামে আলমগীর কবিরের বাগানবাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে লকাই বিশ^াসের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন রুহুল কবির রিজভী। পাশাপাশি চিকিৎসাসহায়তা ও কর্মসংস্থানের জন্য নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষক দলের নেতা খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।




