দেওয়ানগঞ্জ সীমান্তে ২২ হাজার ভারতীয় রুপিসহ দুইজন আটক

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরেরচর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারেরচর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা। ওই অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। ওই দুইজনের কাছে ভারতীয় রুপি ছাড়াও ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল, পান মসলা জব্দ করা হয়। পরে আটককৃতদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।




