জাতীয়প্রধান খবর
দুদিনের মধ্যে চূড়ান্ত হচ্ছে সরকারের ১৮০ দিনের পরিকল্পনা: ববি হাজ্জাজ

আগামী দুদিনের মধ্যেই সরকারের ১৮০ দিনের পরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল মঙ্গলবার বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এ সপ্তাহের মধ্যে তথা আগামী দুদিনের মধ্যে সরকারের পুরো ১৮০ দিন অ্যাকশন প্ল্যান প্রধানমন্ত্রী চূড়ান্ত করবেন। এমন কোনো মন্ত্রী নেই, যিনি এই মুহূর্তে দৌড়ের ওপরে নেই। ববি হাজ্জাজ বলেন, সরকারের একটি প্রধান লক্ষ্য হলো সমতার সরকার ব্যবস্থা গঠন করা। ফলে সবার সমঅধিকার সরকারের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের নারীসমাজ অনেকভাবে পিছিয়ে আছে। আমরা ১৮০ দিনের বাস্তবায়নযোগ্য যে পরিকল্পনা করেছি, সেখানে নারী শিক্ষার্থীদের জন্য আমরা একটি অতিরিক্ত পরিসর রাখতে চেষ্টা করছি, যেন আমরা সাম্যভিত্তিক ভবিষ্যৎ সমাজব্যবস্থা গড়তে পারি।




