বিনোদন

তোপের মুখে ক্ষমা চাইলেন র‌্যাপার বাদশা

সম্প্রতি মুক্তি পেয়েছে র‌্যাপার বাদশার নতুন হরিয়ানভী গান ‘টটীরী’। গানটি প্রকাশের পর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। অভিযোগ ওঠে, এই গানের কথায় নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর ইঙ্গিত করা হয়েছে। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি; জল গড়িয়েছে থানা পর্যন্ত। এমনকি বাদশার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছিল। চারদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নীরবতা ভেঙে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এই গায়ক। ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও বার্তা শেয়ার করে বাদশা বলেন, ‘নতুন গানটি প্রকাশের পর আমি জানতে পেরেছি যে, বিশেষ করে হরিয়ানার অনেক মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। আমি নিজেও হরিয়ানার সন্তান এবং আমার পরিচয়ের বড় একটি অংশ জুড়ে রয়েছে এই রাজ্যের সংস্কৃতি। আমি সবার কাছে বিনম্রভাবে ক্ষমা চাইছি।’ তার কথায়, ‘আমার উদ্দেশ্য কখনোই হরিয়ানার কোনো নারী বা শিশুকে অসম্মান করা ছিল না। হিপ-হপ ঘরানার গানে অনেক সময় প্রতিদ্বন্দ্বীকে আক্রমণাত্মকভাবে আক্রমণ করার একটি প্রবণতা থাকে এই গানের ক্ষেত্রেও সেই ভাবনা থেকেই কিছু লাইন লেখা হয়েছিল।’ তিনি আরও জানান, এর আগেও বহুবার তিনি হরিয়ানার সংস্কৃতিকে বিশ^দরবারে তুলে ধরেছেন এবং এবারও লক্ষ্য তেমনটাই ছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য, এটাই বাদশার প্রথম বিতর্ক নয়। কয়েক বছর আগে পদ্মশ্রী রতন কাহারের কালজয়ী গান ‘বড়লোকের বিটি লো’-এর রিমিক্স তৈরি করে আইনি ও সামাজিক রোষানলে পড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন এই বিপত্তি বাদশার ক্যারিয়ারে আবারও নেতিবাচক প্রভাব ফেলল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!