রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন। গতকাল বুধবার ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীকের চিঠি পেয়েছেন তারেক রহমান। তার পক্ষে চিঠি গ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার। সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে বলেছেন কমিশনার। যুবক থেকে শুরু করে সব শ্রেণির ভোটাররা তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এদিন, ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে গতকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!