খেলাধুলা

টাইগারদের হোয়াইটওয়াশ করতে চান পাকিস্তান কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার মধ্যে দিয়ে কেটেছে পাকিস্তান। সেই ব্যর্থতা না ভুলতেই নতুন সিরিজে মাঠে নামতে যাচ্ছে দলটি। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান দল। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে দলটির প্রধান কোচ মাইক হেসন জানালেন সিরিজ জয়ের কথা। শুরুতে হেসন বলেন, ‘এটি রোমাঞ্চকর একটি দল। আমাদের এখানে কিছু নতুন মুখ আছে যারা ‘শাহীনস’-এ ভালো করেছে এবং পরবর্তী স্তরে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। একটি দল হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’ হেসন আরো বলেন, ‘অবশ্যই আগের চেয়ে অনেক ভালো পিচ এবং ঘাসও ভালো দেখাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানকার পিচ বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো ছিল না। তবে আমরা বিপিএলেও দেখেছি যে এখানকার পিচগুলো অনেক ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে অনেক বেশি ঘাস আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আর আমার মনে হয় দুই দলই এতে উপকৃত হবে। দুই দলই ভালো ক্রিকেট উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে চায়। এই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছে।’ পরে হোয়াইটওয়াশ করা নিয়ে হেসন বলেন, ‘অবশ্যই আমরা পারি (বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে)। কিন্তু আমরা বাংলাদেশের কন্ডিশনে তাদের বিশেষ সম্মান করি। আবারও বলছি, এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় অনেক ভিন্ন হবে। আমার মনে হয় দুই দলই ব্যাটিংয়ের মতো বোলিংয়েও চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলছে, তাই আমাদের এই দীর্ঘ ফরম্যাটের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে হবে। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এখানকার পিচের সাথে দ্রুত মানিয়ে নেয়া। আমাদের সামনে যাই আসুক না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, বাংলাদেশের নিজেদের কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ করার মতো একটি দল আমাদের আছে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!