জামালপুরে স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, ঘাতক স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে নিজ বাসায় স্ত্রীকে হত্যার পর বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ ঘটনায় পুলিশ ওই বাসা থেকেই ঘাতক স্বামী হোসাইন মোঃ তাইফুরকে গ্রেফতার করে। এ সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা ঘাতক স্বামীকে মারধর করে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে জামালপুর শহরের দড়িপাড়ার মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মোঃ তাইফুরের(৪০) সাথে একই শহরের পূর্ব মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার(৩৬) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তাসফিক নামে এক ছেলে ও তাহা নামে এক মেয়ের জন্ম হয়। কিন্তু হোসাইন মোঃ তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো।

তাইফুর বৃহস্পতিবার ঢাকা থেকে জামালপুর আসে এবং স্ত্রী তানিয়াকে ফোন দেয়। রাত ৮টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে তানিয়া। রাত ১ টার দিকে ওই বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে নিহতের ভাই ও স্থানীয়রা গেইট তালাবদ্ধ থাকায় জানালার গ্লাস ভেঙ্গে বিছানার উপর তানিয়ার হাত পোড়া অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসার গেইট ও ঘরের তালা ভেঙ্গে তাহমিনা আক্তার তানিয়ার মৃতদেহ উদ্ধার করে।
এ সময় ওই বাসার দ্বিতীয় তলা থেকে ঘাতক স্বামী হোসাইন মোঃ তাইফুরকে গ্রেফতার করে। ঘাতক স্বামী তাইফুরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা তাকে মারধর করে। এ সময় পুলিশ তাইফুরকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন ও সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী হোসাইন মোঃ তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখন পর্যন্ত ধারণা করছি এটা পারিবারিক কলহ, তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানতে পারবো।




