জামালপুরে রঙ্গিন ব্যানার ব্যবহার ও মসজিদে ভোট প্রার্থনা করায় বিএনপির প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে নির্বাচনি পথসভায় রঙ্গিন ব্যানার ব্যবহার ও মসজিদে ভোট প্রর্থনার কারণে জামালপুর-৫ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে শোকজ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এই শোকজ নোটিশ জারি করে।
নোটিশের সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ (জামালপুর সদর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন গত ১ ফেব্রুয়ারী জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে একটি নির্বাচনি পথসভার আয়োজন করে। উক্ত নির্বাচনি পথসভায় রঙ্গিন ব্যানার ব্যবহার করে। ব্যানারে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ও সাবেক চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন। এবং গত ৬ ফেব্রুয়ারি শহরের সিংহজানী স্কুল সংলগ্ন কাচারীপাড়া মসজিদে জুমার নামাজের সময় মুছুল্লিদের নিকট ভোট প্রার্থনা করেন। উক্ত ভোট প্রার্থনার ছবি তার এক সমর্থক তার ব্যক্তিগত ফেসবুকে প্রচার করে। সেই ছবি ও ভিডিও নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। একজন প্রার্থী হিসেবে ওয়ারেছ আলী মামুনের এরূপ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৭ (ঙ)(চ) ও ২০২৫ এর বিধি-১৫(খ) এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই, অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে আগামী ৯ ফেব্রুয়ারী সকাল ১১.৩০ মিনিটে স্ব-শরীরে প্রার্থীকে উপস্থিত বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ইকবাল মাহমুদ এই নির্দেশ দেন।
কারণ দর্শানো নোটিশটি দ্রুত প্রেরণ করার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।



