সারাদেশ

জামালপুরে অসহায় বৃদ্ধ দম্পত্তির আজীবন ভরণ-পোষনের দায়িত্ব নিলেন জেলা যুবদলের সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক:
বোতল কুড়িয়ে সংসার চালানো জামালপুরের এক অসহায় বৃদ্ধ দম্পত্তির আজীবন ভরণ-পোষনের দায়িত্ব নিয়ে তাদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

বৃহস্পতিবার বিকালে শহরের বাগেরহাটা বটতলা মোড়ে ব্যক্তিগত কার্যালয়ে যুবদল নেতা সোহেল রানা খান চাঁন মিয়া ও কুলসুম বেগম দম্পত্তির দায়িত্ব নিয়ে তাদের দুই মাসের খাদ্য সহায়তা দেন। এ সময় ওই বৃদ্ধ দম্পত্তির হাতে এক বস্তা চাল, দুই লিটার তেল, ডাল, চিনি, আদা, হুইল পাউডার, সাবান, পিয়াজ, আলু, সেমাই, মুরগী, শাড়ি, লুঙ্গিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

বৃদ্ধ চাঁন মিয়া বলেন, আগে গতর খাটিয়ে সংসার চালাইছি, এখন তো আর পারিনা, সন্তানরাও খোঁজ-খবর রাখেনা, অভাবের মধ্যেই দুই বুড়া-বুড়ি বোতল কুড়াইয়া যা পাই, তাই দিয়াই চলি। এখন আমাদের সব দায়িত্ব নেওয়ায় আমরা খুশি।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান জানান, আমার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই বৃদ্ধ দম্পত্তির খোঁজ পেয়ে তাদের একজন সন্তান হিসেবেই আমি তাদের দায়িত্ব নিয়েছি এবং তারা যতোদিন বেঁচে থাকবে সকল দায়-দায়িত্ব আমার। অন্তত দুই মাস চলার মতো খাদ্য সহায়তা আজ দিয়েছি, এছাড়াও আমার লোকজন তাদের নিয়মিত খোঁজ রাখবে। আর এই সহায়তা আমি দেয়নি, মূলত আল্লাহ আমার মাধ্যমে তাদের এই সহায়তা দিয়েছে এবং আল্লাহ যতোদিন চাইবে এই সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী চাঁন মিয়া ও কুলসুম বেগম নামের এই বৃদ্ধ দম্পত্তির বাড়ি শহরের বাগেরহাটা বটতলা মোড় এলাকায়। চাঁন মিয়া এক সময় রিকশা চালিয়ে সংসার চালালেও এখন বয়সের ভারে জীবনের গতি কমে গেছে। এক বেলা আধপেটে দিন কাটানোই হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ দম্পত্তির জীবনের চিত্র। এক ছেলে ও দুই মেয়ের কেউই খোঁজ রাখেনা তাদের।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!