সারাদেশ

জাবিপ্রবিতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার

‘গ্রিন ক্যাম্পাস’ বাস্তবায়নে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ

ইয়াসির আরাফাত, জাবিপ্রবি প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘টেকসই বর্জ্য ব্যবস্থাপনা: বাংলাদেশ দৃষ্টিকোণে একটি সবুজ ভবিষ্যতের পথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ‘গ্রিন ক্যাম্পাস’ বাস্তবায়নে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় বক্তারা তাঁদের আলোচনায় পরিবেশ সংরক্ষণ, সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ক্যাম্পাসভিত্তিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি, ‘গ্রিন ক্যাম্পাস’ বাস্তবায়নে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সবুজ স্বপ্ন’ নামের একটি পরিবেশবান্ধব সামাজিক সংগঠনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আরমান আলিফকে সভাপতি এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংগঠনটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের উন্মুক্ত পাঠদান, ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি আয়োজন এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সবুজ ভবিষ্যৎ নির্মাণে কার্যকর অবদান রাখবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!