সারাদেশ

কক্সবাজারে ৩৪ জেলে আটক, জব্দ ২টি অবৈধ ট্রলিং বোট

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ৩৪ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবারসকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোট তল্লাশি করে আনুমানিক ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল, প্রায় এক হাজার কেজি সামুদ্রিক মাছ এবং এসব কার্যক্রমে জড়িত ৩৪ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। মুচলেকা গ্রহণের পর বোটগুলো মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত টাকা জরিমানা হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!