জাতীয়প্রধান খবর

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি আজ মঙ্গলবার থেকে এ বিক্রি শুরু হচ্ছে। এদিন ১৩ মার্চের টিকিট বিক্রির কথা। এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ ছাড়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট কেনা সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ কিংবা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিকে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। এতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গতকাল সোমবার রাজধানীর আব্দুল গণি রোডের রেল ভবনে এ সভা হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। সভায় নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ঈদযাত্রায় আগের মতো ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। তবে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পান তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!