ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে একদিন সাধারণ ছুটির ইঙ্গিত

২০২৬ বিশ্বকাপ জিততে পারলে ইংল্যান্ডজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সম্ভাব্য বিশ্বকাপ জয়ের উদযাপনে দেশব্যাপী ছুটি ঘোষণার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ১৯৬৬ সালের পর আর বিশ^কাপ জিততে পারেনি ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে দলের দুর্দান্ত পারফরম্যান্সের পরই এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সরকার এখনই ছুটির নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চায় না। কারণ, বিশ্বকাপ শেষ হওয়ার আগে এমন ঘোষণা দিলে তা দলের জন্য ‘অপয়া’ বা দুর্ভাগ্য বয়ে আনতে পারে এমন কুসংস্কার এড়িয়ে চলতেই এই সতর্কতা। এবারের বিশ^কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে। এর আগে, কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে উঠবে ইংল্যান্ড। এরপর শিরোপা জিততে পারলে সেটি হবে দেশটির ইতিহাসে মাত্র দ্বিতীয় বিশ^কাপ। জাতীয় ছুটি ঘোষণার ভাবনাটি নতুন নয়। অতীতে বিভিন্ন দেশ বড় ক্রীড়া সাফল্যের পর জাতীয় ছুটি বা বিশেষ উদযাপনের আয়োজন করেছে। যদিও ১৯৬৬ সালে ইংল্যান্ড প্রথম ও একমাত্রবার বিশ্বকাপ জেতার পর কোনো সরকারি ছুটি ঘোষণা করা হয়নি, তবু চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। প্রায় ৬০ বছর পর আবারও বিশ^কাপ জয়ের স্বপ্নে বিভোর ইংল্যান্ড। সেই স্বপ্ন পূরণ হলে এবার ইতিহাসের সঙ্গে যোগ হতে পারে আরেকটি নতুন অধ্যায়, বিশ^কাপ উদযাপনে জাতীয় ছুটি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!