রাজনীতিপ্রধান খবর

আওয়ামী লীগ নিজেকে ধুয়ে-মুছে সাফ করে আসুক: উপদেষ্টা শারমিন মুরশিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই উল্লেখ করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, আওয়ামী লীগ নিজেকে ধুয়ে-মুছে সাফ করে জনগণের সামনে আসুক। জনগণের কাছে তার দায় আছে। জনগণকে তারা তাদের দায়মুক্ত করুক, এটা তাদের দায়িত্ব। এখানে আমাদের কিছু করার নেই। গতকাল বুধবার সচিবালয়ে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নিয়ে জনগণের ক্ষোভ ছিল। ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হলো কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেই এক্সপেরিমেন্ট আপনারা ভবিষ্যৎ রাজনৈতিক দলকে করতে বলবেন। আওয়ামী লীগ সর্বাত্মকভাবে এবং তাদের নেতৃবৃন্দ অপরাধ করেছে, সেটার বিচার চেয়ে তিনি বলেন, আগামী যে সরকার আসবে তাদের বিচার করতে বলুন। আওয়ামী লীগ নিজেকে ধুয়ে-মুছে সাফ করে জনগণের সামনে আসুক। জনগণ বলুক যে-হ্যাঁ, আমরা এবার আওয়ামী লীগকে ফিরে চাই। এটা আমাদের কাজ না, এটা ভবিষ্যতের কাজ। এই গুম-খুন হয়েছে আওয়ামী লীগের জন্য। এই নারী নির্যাতন হয়েছে আওয়ামী লীগের জন্য। এই কেয়ারটেকার গভর্নমেন্ট (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) আমরা হারিয়েছি আওয়ামী লীগের জন্য। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি আমার জায়গা থেকে, আমার মন্ত্রণালয়ের জায়গা থেকে বারবার বলব- মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে, তাদের মেয়েদের-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের সেটা ব্যক্ত করতে হবে। এখনো তারা সেটা ব্যক্ত করেননি। তিনি বলেন, এমনকি রাজনৈতিক দলগুলো মেয়েদের নির্বাচনে কোনো প্রাধান্যই দেয়নি। ৩০টি দল কোনো প্রতিনিধিই দেয়নি। অথচ হাজার হাজার মেয়ে যুদ্ধে শামিল ছিল। এখন মেয়েরা সব ডাক্তার হয়ে যাচ্ছে, ছেলেরা পাসও করছে না পরীক্ষায়। কথাটা হলো যে মেয়েদের কোনো চ্যারিটি দেওয়ার দরকার নেই। ৫%, ২%, ৩%-এভাবে কি তারা যুদ্ধে নেমেছিল? নামেনি তো। তো রাজনৈতিক দলগুলোকে আমাদের অবশ্যই প্রশ্নের সম্মুখীন করতে হবে। শারমিন মুরশিদ বলেন, রাজনৈতিক দলগুলোকে মেয়েদের ন্যায্যতা দিতে হবে, সম্মান দিতে হবে এবং তাদের প্রাপ্য দিতে হবে। ৫২ শতাংশ নারী। এবং সেই জায়গাটা আমি শুনতে চাইব সব রাজনৈতিক দলের কাছ থেকে। এবং নিশ্চিতভাবে বলে দিতে চাই যে, আমি অন্তত চুপ করে থাকব না।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!