সারাদেশ
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপবিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং স্বল্পচাপ বিরাজ করছে। গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।




